মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়কে ১১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার ভোর থেকে শুরু হওয়া অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে দুপুর দেড়টা পর্যন্ত। এতে ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের যাত্রী ও চালকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর আড়াইটা থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তারা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অবরোধের সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি।
তবে সকাল হলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়। একপর্যায়ে রাজৈর থানার পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জরুরি যানবাহন ছেড়ে দেওয়ার অনুরোধ এবং রাষ্ট্রের সম্পদ নষ্ট না করার আহ্বান জানান।
এ বিষয়ে রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, ‘সকাল থেকে মাঠে রয়েছি। দুপুরের পরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠ থেকে সরে যান। সকালে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলি, জরুরি যানবাহন ছেড়ে দেওয়ার এবং রাষ্ট্রের সম্পদ নষ্ট না করার অনুরোধ করি। বর্তমানে মহাসড়ক স্বাভাবিক রয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

