লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান, লিফলেট বিতরণকালে যুবক আটক

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান, লিফলেট বিতরণকালে যুবক আটক

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের জয়বাংলা স্লোগানের লিফলেট বিতরণকালে পরান চৌধুরী নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

একইসময় শুনানি শেষে গত ৪ আগস্ট লক্ষ্মীপুরে চার শিক্ষার্থী হত্যা মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর পাটওয়ারী, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলমসহ গ্রেপ্তার হওয়া আসামিদের কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে উঠানোর সময় জয় বাংলা স্লোগান দেওয়া হয়। এতে আদালতে প্রাঙ্গণে হট্টগোল সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

আটক পরান লক্ষ্মীপুর পৌর শহরের ৩নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম চৌধুরীর ছেলে ও পেশায় ব্যবসায়ী। সে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে পরান আওয়ামী লীগের জয় বাংলা স্লোগানের লিফলেট বিতরণ করে। এসময় জনতা তাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

ঘটনার পর আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্ব বিক্ষোভ মিছিল করা হয়। এসময় তারা আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে বক্তব্য প্রদান করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে পরান নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তিনি এখন থানা পুলিশ হেফাজতে আছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ৪ আগস্টের ঘটনায় জড়িত আছে কি না তাও তদন্ত করা হবে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...