কক্সবাজারের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত বালু সংরক্ষণ গেইট এলাকায় কয়েক রাউন্ড গুলি বর্ষণের অভিযোগ উঠেছে। পরে একই দিন বিকেলে স্থানীয় ইউপি সদস্য যুবলীগ নেতা মিনার মেম্বারকে আটকের পর তার সমর্থকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের কালিরছড়ার বন এলাকা কানছিরাঘোনায় গুলি বর্ষণ ও রাতে সড়ক অবরোধের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে জব্দকৃত বিপুল পরিমাণ বালু সংরক্ষণের জন্য উক্ত এলাকার রাস্তার উপর গাছের গেইট নির্মাণ করে চলে যাওয়ার কিছুক্ষণ পর উক্ত স্থানে উপুর্যপুরী কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের শব্দে আশপাশ এলাকায় আতংকের সৃষ্টি হয়।
ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জব্দকৃত বালু
সংরক্ষণে রাস্তার উপর পুনরায় গাছের গেইট নির্মাণ করে চলে আসার পর স্থানীয়রা জানান উক্ত স্থানে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ হয়েছে।
তিনি আরো জানান,গত ২৪ অক্টোবর ইউএনও মংচিংনু মারমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ বালু জব্দের পরদিন তা সংরক্ষণে আরেকটি গেইট নির্মাণ করা হয়েছিল। রাতের আঁধারে তা ভেঙে বালুখেকোরা জব্দকৃত বিপুল পরিমাণ বালু লুটের পর আজকে আবারো গেইট নির্মাণ করার পর এ গুলি বর্ষণের ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, চিহ্নিত বালু খেকোচক্রের অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দের পর থেকে তারা বেপরোয়া হয়ে উঠে। এর জেরেই এ গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে।
তারা অবিলম্বে এসব অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে একই দিন বিকালে ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও কালিরছড়া ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনারকে তেঁতুলতলী থেকে আটক করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করলেও কী অভিযোগে, কি মামলায় তাকে আটক করেছেন তা নিশ্চিত করেননি।
এদিকে মিনার মেম্বারকে আটকের প্রতিবাদে রাত ১০টার দিকে উপজেলার কালিরছড়া মহাসড়ক অবরোধ করেছে তার সমর্থকরা।
এসময় সড়কের উভয় পাশে বেশ কিছু দূরপাল্লার যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং যানচলাচল স্বাভাবিক করে বলে নিশ্চিত করেন ওসি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

