চট্টগ্রামে যুবলীগ নেতা ‘কাচ্চি কামাল’ ও বেলাল গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে যুবলীগ নেতা ‘কাচ্চি কামাল’ ও বেলাল গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীতে বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও কথিত শীর্ষ সন্ত্রাসী মো. কামাল ওরফে ‘কাচ্চি কামাল’ (৪৫) এবং তার সহযোগী মো. বেলাল হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা পুলিশের একটি দল নগরের জাকির হোসেন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মো. কামাল ওরফে কাচ্চি কামাল খুলশী থানার জালালাবাদ মুক্তিযোদ্ধা কলোনি এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুর রশিদের ছেলে। স্থানীয়ভাবে তিনি যুবলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং চট্টগ্রাম মহানগরীর সাবেক এক সংসদ সদস্যের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অপরদিকে গ্রেপ্তারকৃত মো. বেলাল হোসেন খুলশী এলাকার কুসুমবাগের বাসিন্দা। তিনি মৃত হোসাইন মো. আলফাতের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ভূমি দখলসহ নানা অভিযোগ ছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে।

খুলশী থানার ওসি আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের সন্ত্রাসবিরোধী আইনে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন