আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তেলের হিসাব দিতে না পারায়

মতলব দক্ষিণে ফিলিং স্টেশন মালিককে ১ বছরের জেল

উপজেলা প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর)

মতলব দক্ষিণে ফিলিং স্টেশন মালিককে ১ বছরের জেল
ছবি: আমার দেশ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের নওরিণ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রয়ের হিসাব দিতে না পারায় ওই প্রতিষ্ঠানের মালিককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৩০ মার্চ রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর রাব্বির নেতৃত্বে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব দক্ষিণের নওরিণ ফিলিং স্টেশনে পদ্মা ওয়েল কোম্পানি থেকে ৯ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত চাহিদা মোতাবেক পেট্রোল, অকটেন ও ডিজেল উত্তোলন করেন প্রায় ৭১ হাজর লিটার। কিন্তু ওই ফিলিং স্টেশন তেল সংগ্রহের সঠিক তথ্য দিতে পারেনি। তাছাড়া ওই ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বিগত ১৬ দিনে (৯-২৪ মার্চ) পেট্রোল, অকটেন ও ডিজেলের বিক্রির রেজিষ্ট্রারও দেখাতে পারেনি।

এ অবস্থায় ক্রয় এবং বিক্রির সঠিক হিসাব দিতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় উক্ত নওরিণ ফিলিং স্টেশন মালিক মিজানুর রহমানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি।

এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি বলেন, নওরিণ ফিলিং স্টেশন এ জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রির সঠিক হিসাব দিতে না পারায় প্রতিষ্ঠান মালিককে জেল ও জরিমানা করা হয়েছে। এছাড়া মজুতকৃত তেল উপস্থিত গ্রাহকদের মাঝে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন