শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় শিশু ধর্ষণের দায়ে মো. আকতার সর্দার (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার চট্টগ্রাম মহানগরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার কুকড়াপর্শি এলাকার মো. সাত্তার সর্দারের ছেলে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও আদালতের নথি অনুযায়ী, বাবা-মা কর্মস্থলে থাকায় শিশুটি প্রায়ই বাসায় একা থাকত। প্রতিবেশি আকতার সর্দার নিয়মিত তাদের বাসায় যাতায়াত করতেন এবং শিশুটিকে বিভিন্নভাবে প্রলোভন দেখাতেন। ২০২২ সালের ২ জুলাই বিকেলে বাবা-মা কর্মস্থলে থাকার সুযোগে তিনি বাসায় ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেন।

ভয় ও আতঙ্কে শিশুটি কয়েকদিন ঘটনাটি গোপন রাখে। চারদিন পর অসুস্থ হয়ে পড়লে মায়ের কাছে পুরো ঘটনা জানায়। পরে পরিবারের সদস্যরা শারীরিক আঘাতের আলামত দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন।

ঘটনার পর শিশুটির বাবা মনির হোসেন সদরঘাট থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ২১ নভেম্বর তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৪ সালের ১৫ এপ্রিল আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার আদালত এ রায় ঘোষণা করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন