সরকারি জব্দ করা বালু লোপাটের ঘটনায়

ছাগলনাইয়ার আলোচিত আলমগীর ঢাকায় গ্রেপ্তার

ছাগলনাইয়ার আলোচিত আলমগীর ঢাকায় গ্রেপ্তার
ছাগলনাইয়ার আলোচিত আলমগীর। ছবি: আমার দেশ

ছাগলনাইয়ায় সরকারি জব্দ করা বালু লোপাট, বালু সিন্ডিকেট পরিচালনা এবং সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় আলোচিত আলমগীর সিদ্দিকীকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি ছাগলনাইয়ার শুভপুর এলাকায় আদালতের নির্দেশে জব্দ করে রাখা সরকারি বালুর স্তূপ থেকে প্রায় ২ লাখ ২৩ হাজার ৮৩০ ঘনফুট বালু লোপাটের ঘটনা আলোচনায় আসে।

এ ঘটনায় থানায় মামলার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে চোরাই বালুবোঝাই কয়েকটি ট্রাক জব্দ এবং ট্রাকচালকদের গ্রেপ্তার করা হলেও স্থানীয়দের অভিযোগ ছিল, মূলহোতারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

এরই মধ্যে বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্যকে কেন্দ্র করে ছাগলনাইয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও গুলিবর্ষণের ঘটনাও ঘটে। ওই ঘটনায় উপজেলা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন মজুমদার (টিপু) আহত হন। এ ঘটনায় আলমগীর সিদ্দিকীকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ একটি মামলা করা হয়।

আলমগীর সিদ্দিকীর সমর্থকদের পিটিয়ে আহত করার পাল্টা অভিযোগ রয়েছে রিয়াজ উদ্দিন মজুমদার টিপুর বিরুদ্ধেও। যদিও উভয় তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে।

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের সিদ্দিকীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন