কুমিল্লার হোমনায় ধূমপান ও মাদকবিরোধী সামাজিক সংগঠন ‘অধূমপায়ী ফোরাম (অফ)’ হোমনা উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। “নতুন প্রজন্মকে ভালোবাসি, ধূমপানমুক্ত জীবন গড়ি, মাদককে না বলি”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন অধূমপায়ী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো. হানিফ খান।
সভায় দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফকে সভাপতি এবং ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট হোমনা উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি ৮ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ এবং হোমনা থানার সাব-ইন্সপেক্টর মো. আনিস উদ্দিন।
এছাড়া বক্তব্য রাখেন অধূমপায়ী ফোরামের উপদেষ্টা ও যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার সাবেক উপপরিচালক মো. সামসুজ্জামান, পরিবেশবিদ মতিন সৈকত, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সহ-সভাপতি আবুল বাসার সরকার, সাংগঠনিক সম্পাদক মোরশিদ আলম, মো. শাহ আলম, কামরুল হাসান গরীব, গোলাম মোস্তফা ভূঁইয়া, তিতাস উপজেলা শাখার উপদেষ্টা আমির হোসেন এবং তিতাস উপজেলা শাখার সভাপতি শাহজামান শুভ প্রমুখ।
বক্তারা ধূমপান ও তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, তামাকজাত দ্রব্যের ব্যবহার শুধু ব্যক্তির স্বাস্থ্য নয়, পুরো সমাজের জন্যই ক্ষতিকর। তারা তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
তারা আরও বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণ প্রজন্মকে ধূমপান ও মাদক থেকে দূরে রাখতে হবে।
সভায় ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের নবগঠিত কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
উল্লেখ্য, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫ সালে প্রতিষ্ঠিত ‘অধূমপায়ী ফোরাম’ তামাকবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

