ফেনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আসিফ নামে এক ছাত্রদল কর্মীর বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে দলীয় প্রতিপক্ষরা। এ ঘটনায় সাফায়াত নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত আসিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এনিয়ে এলাকায় উত্তেজনা ও উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।
গতকাল বুধবার রাত ১২টার পর জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী বাজার সংলগ্ন লুইস গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামসহ পর্যটন ও শিল্প এলাকা মুহুরি প্রজেক্টে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা শাহীন গ্রুপ ও সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় সেলিম গ্রুপের ধারালো অস্ত্রের আঘাতে শাহীন গ্রুপের আসিফ (২০) এর বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘক্ষণ চলা এ সংঘর্ষের স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয়রা এসে আসিফকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক দেখে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান। তবে স্থানীয় একটি সূত্র দাবি করেছে, বাম হাতের কবজি নয় বাম হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা।
এ ঘটনায় আসিফের ভাই আব্দুল হামিদ সাকিব বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন সোনাগাজী মডেল থানায়।
সোনাগাজী থানার ওসি আবুল হাসিম জানান, আধিপত্য বিস্তার নিয়ে শাহীন গ্রুপ ও সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

