সেনাবাহিনীর সকল সেনা সদস্যের উদ্দেশে বৃহস্পতিবার সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সকলকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কর্তব্য পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক অগ্রযাত্রায় আন্তরিক ও অব্যাহত সহযোগিতার জন্য সরকার এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও বৃহস্পতিবার দুর্গম পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প পরিদর্শনের লক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নে গমন করেন। এসময় তিনি রাঙামাটি রিজিয়নের বিলাইছড়ি ও কাপ্তাই জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে, তিনি পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের সাথে কুশলাদি ও মতবিনিময় করেন। এসময় তিনি দুর্গম ও প্রতিকূল পরিবেশে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য আন্তরিক সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
সফরকালে, জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া, সেনাবাহিনীর সামরিক সচিব, সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


