কুমিল্লার দেবিদ্বার পৌরসভার সাইলচর এলাকায় কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে ময়লার ভাগাড় অপসারণ এবং পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিনের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা।
এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী, কর্মজীবী মানুষ ও অসুস্থ রোগী বহনকারী যানবাহন।
স্থানীয়রা জানান, দেবিদ্বার পৌরসভার প্রতিষ্ঠার দুই যুগ পার হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি। এর ফলে পৌর এলাকার প্রধান সড়ক ও জনবসতির পাশে দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড় তৈরি হয়ে আছে। এসব ময়লা থেকে ছড়াচ্ছে প্রচণ্ড দুর্গন্ধ, বাড়ছে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি। এতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বলে অভিযোগ এলাকাবাসীর।
বিক্ষোভকারীদের দাবি, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পৌর কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। দ্রুত একটি নির্দিষ্ট ডাম্পিং স্টেশন স্থাপন, খোলা জায়গায় ময়লা ফেলা ও পোড়ানো বন্ধ এবং দায়িত্বহীনতার অভিযোগে পৌর প্রশাসকের অপসারণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

