কাচালং নদীতে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

রাঙামাটি প্রতিনিধি

কাচালং নদীতে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতিসহ ১৩জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। এই চক্রে বিএনপি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতা রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

অনুমোদন ছাড়াই বালু উত্তোলনের অভিযোগে গত ১৩ আগস্ট বাঘাইছড়ি থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়। মামলায় বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারভুক্ত ১৩ আসামির মধ্যে ৫ জন বিএনপির এবং ৮ জন নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মী।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার ও পরিবেশ অধিদপ্তর রাঙামাটির সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবেশ অধিদপ্তরের মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত দল অভিযান চালিয়ে পাঁচটি স্তূপে রাখা ২৪ হাজার ৩০০ ঘনফুট বালু এবং বালু উত্তোলনের তিনটি মেশিন জব্দ করে। এসময় ওমর আলী ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এর আগে একই অভিযোগে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অনুমোদন ছাড়া বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী জানান, তিনি গত ১০ আগস্ট থেকে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। একটি মহল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব মামলায় জড়াচ্ছে। বালু উত্তোলনের সঙ্গে তার কোনো জায়গা বা মেশিন নেই।

এ বিষয়ে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, দীর্ঘদিন ধরে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীর বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করে আসছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার বলেন, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মো. ওমর আলীকে প্রধানকে আসামি করে মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...