অর্থনীতির অগ্রযাত্রা নস্যাৎ করতে দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে: অর্থমন্ত্রী

অর্থনীতির অগ্রযাত্রা নস্যাৎ করতে দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে দেশে বড় ধরনের অর্থনৈতিক অগ্রযাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা থেকে সরকার সাড়া পাচ্ছে এবং দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, সারা বিশ্ব থেকে সরকার সাড়া পাচ্ছে; বিশ্বের বড় বড় অংশীদার (স্টেকহোল্ডার) বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানও একাধিকবার চট্টগ্রামকে পরিপূর্ণভাবে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার বিষয়ে একমত হয়েছেন এবং জোর দিয়েছেন। তিনি চান সত্যিকার অর্থেই বাংলাদেশ ঘুরে দাঁড়াক। কারণ আমরা একটি গভীর খাদে পড়েছিলাম; ধীরে ধীরে তাঁর নেতৃত্বে সেখান থেকে দেশ উঠে আসছে। একদিনে এ সমস্যার সমাধান মিলবে না।

অর্থমন্ত্রী আরও বলেন, ২০৩৪ সালে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পা রাখবে। তবে অর্থনীতির অগ্রগতিতে আমরা যে কর্মসূচি দিয়েছি, সেটি নস্যাৎ করতে এরই মধ্যে দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে। এই দুর্বৃত্তরা বিগত দিনে দুর্বৃত্তায়নের মাধ্যমে বাংলাদেশে লুটপাট করে গেছে, যার মাশুল আমরা এখনো ভোগ করছি। তারা চায় না দেশে উন্নয়ন হোক, দেশ উন্নয়নের শীর্ষে পৌঁছাক বা দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাক।

দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিহত করার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, যে দুর্বৃত্তায়ন শুরু হয়েছে, সবাই মিলে সেটি প্রতিহত করতে হবে। কারণ উন্নয়ন দেশের স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থে, সবার স্বার্থে। বিগত দিনে যেভাবে অর্থনীতি কিছু লোকের হাতে পুঞ্জীভূত ছিল, সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে চাই; আমরা অর্থনীতিকে গণতান্ত্রিক করতে চাই। দেশের অর্থনীতিতে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণের সুযোগ রয়েছে। এ জন্য দেশে স্থিতিশীলতা দরকার এবং সেই স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং সংগঠনটির সভাপতি মোহাম্মদ আমীরুল হক প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন