কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব অলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে । গোপনে সমঝোতার ভিত্তিতে এই কমিটি নিয়ে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী ফ্যাসিবাদের ১৭ বছরে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সব মিথ্যা ও ভিত্তিহীন মামলার মূল কারিগর তিনি। ব্রাহ্মণপাড়া বিএনপির উপজেলা সহসভাপতি মাজহারুল ইসলাম ভূইয়া, মালাপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আইয়ুব খান পাঠানকে মিথ্যা মামলা দিয়ে কয়েকবার জেল পাঠিয়েছেন তিনি।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের উপজেলার একজন সিনিয়র নেতা কীভাবে পূর্ব অলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হন—এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছেন তারা।
বিএনপি নেতা আনোয়ার হোসেন জানান , এভাবে আওয়ামী লীগের পুনর্বাসন হলে, স্কুলের সভাপতি হলে আমরা বিএনপির রাজনীতি করে লাভ কী?
জামায়াতের কর্মী জালাল উদ্দিন জানান, এই নেতা আমাদের বিভিন্নভাবে হয়রানি করেছেন, মিথ্যা মামলা দিয়ে দেশছাড়া করেছিলেন। এখন স্কুলের সভাপতি হন কীভাবে?
একইভাবে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি করা হয়েছে জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়াকে ।
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে না । এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।
ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন দৈনিক আমার দেশকে বলেন, এমন কোনো ঘটনা ঘটে থাকলে আমরা খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

