হাসিনার রেখে যাওয়া প্রেতাত্মা ও দোসররা এখনো যায়নি: রিজভী

হাসিনার রেখে যাওয়া প্রেতাত্মা ও দোসররা এখনো যায়নি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া প্রেতাত্মা ও দোসররা এখনো যায়নি। তারা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে অবস্থান নিয়ে পাতানো পরিকল্পিত অস্থিরতা তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকার যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে না পারে সেজন্য প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী গবেষক আহনাফ বিন আশরাফ নাবিলকে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা যে ক্ষমতায় টিকে থাকার জন্য তার নিষ্ঠুরতা, রক্তাক্ত বইয়েছে সেক্ষেত্রে যে সমস্ত নেতা ও প্রশাসনের ব্যক্তিরা দায়ী তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য একধরনের গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে যে তাদেরকে পাসপোর্ট দেয়া যেতে পারে। সেক্ষেত্রে যাদের অপরাধের অভিযোগ আছে কিংবা অপরাধী হতে পারে তারা প্রশাসনের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেতে পারে না। এর মানেই হলো প্রশাসনে ঘাপটি মেরে থাকা লোকরা শেখ হাসিনার সূদুর প্রসারী পরিকল্পনা সেটা বাস্তবায়নে তারা নানা পরিকল্পনা করছে।

মেধাবী শিক্ষার্থী নাবিল সম্পর্কে তিনি বলেন, কিশোর বয়সে তার উদ্ভাবনী চিন্তা চেতনা অবিশ্বাস্য। তার প্রতিভার সন্ধান পেয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। পরে তাকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়।

এ সময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচিসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন