নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার

নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম ওরফে শাকের নামের এক কারিগরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, বন্দুকের বিভিন্ন অংশ এবং অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বুধবার সন্ধ্যার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আকরাম উদ্দিন হাজীর বাড়ির কাচারিঘরে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার সাইফুল ইসলাম সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজীর বাড়ির মমিন উল্লার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের দিকনির্দেশনা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনির নেতৃত্বে পুলিশের একটি দল ওই কাচারিঘরে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাচারিঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, বন্দুকের কাঠের বাট, লোহার বাট ও বডির বিভিন্ন অংশ, ট্রিগার, বোল্ট এবং এসএস স্টিলের আটটি ছোট-বড় অংশ উদ্ধার করা হয়। এ ছাড়া অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত তিনটি প্লাস, তারসহ একটি গ্রাইন্ডিং মেশিন ও তিনটি রেত জব্দ করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন