কক্সবাজার টেকনাফ সীমান্তে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলেন, রাখাইনের মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট, পুলিশ সদস্য হেইন জাও এবং বুচিডংয়ের ৩ নম্বর বিজিপি ইউনিটের সদস্য কিয়াও নাইং।
সোমবার দুপুরে তাদেরকে আটক করে রাতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
২ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে নাফ নদী সাঁতরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা সীমান্তে ওই তিনজন ব্যক্তি পৌঁছলে বিজিবির সদস্যরা আটক করে। আটক তিনজনের একজন বিজিপি সদস্য এবং অপর দুজন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১১টায় আটক তিনজনকে আদালতে চালান করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

