ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়িতে নিজের কক্ষে পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামের এক উপ-পরিদর্শক (এসআই)।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১। নিহত জাহাঙ্গীর আলম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ফাঁড়িতে নিজ কক্ষে দায়িত্ব পালনকালে নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন তিনি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য তার নিজের নামে ইস্যুকৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। তারা আসার পর কথা বলে পারিবারিক কলহ ছিল কি না, বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-28c951-720x405.webp)