চিকিৎসার জন্য ঢাকায় এসে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী ও সন্তান

চিকিৎসার জন্য ঢাকায় এসে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী ও সন্তান

লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকায় চিকিৎসার জন্য এসে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকালে তিনজনকেই গুরুতর অসুস্থ অবস্থায় আদ-দ্বীন মেডিক্যালে নেয়া হলে সকাল ১১টা থেকে ১২টার মধ্যে একে একে তিনজনেরই মৃত্যু হয়।

বিজ্ঞাপন

একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন- উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের দেহলা বেপারী বাড়ির সৌদি প্রবাসী মনির হোসেন (৪৫), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮) ও ১৮ বছরের প্রতিবন্ধী ছেলে নাঈম একই দিনে মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছেলের চিকিৎসার উদ্দেশে শনিবার মনির হোসেন ও তার স্ত্রী ঢাকার মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। চিকিৎসা শেষে রাতে পাশের ‘সুইট স্লিপ’ আবাসিক হোটেলে অবস্থান করেন তারা। রাত ১১টার দিকে একসঙ্গে রাতের খাবার খান তারা তিনজনই। এরপর তারা মৃত্যুর কোলে ধলে পড়েন।

এই আকস্মিক ও রহস্যজনক মৃত্যু এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। এলাকাবাসীর অনেকেই ধারণা করছেন, খাবারে বিষক্রিয়ার কারণেই এমন ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে, একসঙ্গে তিনজনের মৃত্যুতে দেহলা গ্রামে চলছে শোকের মাতম। নিহতদের আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকার সাধারণ মানুষ এমন মর্মান্তিক ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...