শাহরাস্তিতে যুবলীগ নেত্রীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

শাহরাস্তিতে যুবলীগ নেত্রীর আত্মহত্যা

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে যুবলীগ নেত্রী নাজমুন নাহার স্বপ্নার (৩৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে 'কলস' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বিজ্ঞাপন

সোমবার সকালে দোয়াভাঙ্গা এলাকায় নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সময় তার সন্তানরা বাসায় ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত নাজমুন নাহার স্বপ্নার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাংলাইস গ্রামে। তার বড় ভাই মোতালেব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বপ্নার তিনটি বিয়ে হয়েছিল। প্রথম স্বামী ওমর ফারুকের বাড়ি শাহরাস্তি উপজেলার নাহারা গ্রামে। সেখানে বসবাসকালে তিনি একটি লেডিস টেইলারিং প্রতিষ্ঠান পরিচালনা করতেন। ওই সংসারে তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী গ্রামের যুবলীগ নেতা মো. শাহাদাত হোসেনকে বিয়ে করেন। পরে তাদের বিচ্ছেদ ঘটে। সর্বশেষ একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের প্রবাসী রাসেল চৌধুরী রাজুর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিল বলে পারিবারিক সূত্র জানায়।

পরে তিনি খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করেন। সর্বশেষ শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে 'কলস' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, চার দিন আগে তিনি নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলায় দুই কক্ষবিশিষ্ট একটি বাসা ভাড়া নেন। সোমবার সকাল আনুমানিক আটটার দিকে তার শিশু সন্তানদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। পরে বাসার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে এটি ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা। ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন