বিএনপির স্থায়ী কমিটির সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করব। প্রতিবছর দুর্গাপূজায় দানবীর রণদা প্রসাদ সাহার মণ্ডপে আসি। এখানে আলাদা একটা পরিবেশ থাকে। সবাই একসঙ্গে মিলেমিশে আনন্দ উপভোগ করে। এ রকম পরিবেশ যেন সব সময় থাকে।
মন্ত্রী বলেন, শহীদ জিয়ার আদর্শ বিএনপির নেতাকর্মীরা ধারণ করেন। তারা সব ধর্মের মানুষের সঙ্গে এক ও অভিন্নভাবে মিলেমিশে কাজ করে থাকেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজামণ্ডপে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের পরিবেশনায় আরতি উপভোগ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি বলেন, শারদীয় উৎসব নিয়ে আমরা জাতীয়ভাবে গর্ববোধ করি। স্বৈরশাসক শেখ হাসিনা নাকি দেশে আসবেন? আসুন, ওনাকে আমরা যেতেও বলিনি, আবার আসতেও বলব না। আসা-না-আসা তার ব্যাপার। উনি প্রধানমন্ত্রী থেকে কীভাবে পালিয়ে গেলেন? অসুবিধা কোথায়? দেশে আইন আছে। দেখা যাক, কীভাবে আসেন।
এর আগে মন্ত্রী ড. মঈন খান কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছান। পরে নৌকাযোগে নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজামণ্ডপে যান। সেখানে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছার ফুলের তোড়া তুলে দেন।
এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক মহাবীর পতি চন্দন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী, কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক লিটন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর) সার্কেল আদনান মুস্তাফিজ, মির্জাপুর থানার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

