ট্রেনের ধাক্কায় বড় ভাই বেঁচে গেলেও প্রাণ হারাল ছোট ভাই

ট্রেনের ধাক্কায় বড় ভাই বেঁচে গেলেও প্রাণ হারাল ছোট ভাই

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে সামিউল ইসলাম (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বড় ভাই সাকিব (১২) রেলব্রিজের রেলিং ধরে ঝুলে থেকে প্রাণে বেঁচে যায়। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার বড়াল রেলব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিউল চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামের আশরাফ ইসলামের ছেলে ও আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে ভাঙ্গুড়া পৌর শহরের কুঠিপাড়া মহল্লায় ফুফুর বাড়িতে বেড়াতে আসে দুই ভাই সাকিব ও সামিউল। বিকেলে তারা দুজন বড়াল রেলব্রিজে ওঠে নদী পার হচ্ছিল। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেন চলে আসে। ট্রেনের হুইসেল শুনে বড় ভাই সাকিব রেললাইনের স্লিপার ধরে ঝুলে থেকে প্রাণে বেঁচে যায়। কিন্তু ছোট ভাই সামিউল ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচের পাকা সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার আমার দেশকে বলেন, শিশুটির লাশ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন