টেস্ট ক্রিকেটে নিজের ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেলে ফেললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম এবং টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়ে প্রোটিয়াদের খাদের কিনারা থেকে টেনে তুলেছেন তিনি। তার এই অবিস্মরণীয় ইনিংসের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকা এখন ম্যাচ ও সিরিজ সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগের সামনে দাঁড়িয়ে। কেননা গেবেরহায় তৃতীয় দিন শেষে ৪২২ রানে পিছিয়ে অজিরা।
১১০ রানে ৬ উইকেট হারিয়ে যখন হারের শঙ্কায় ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা, সেখান থেকে দলের রান ৪২৫/৯ (ডিক্লেয়ার) পর্যন্ত নিয়ে যান বাভুমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দক্ষিণ আফ্রিকান ক্যাপ্টেনের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
প্রথম দিনে হ্যাটট্রিক বল মোকাবেলা করতে ক্রিজে নামা বাভুমা একপ্রান্তে আঁকড়ে থেকে ৩৩৪ বলে মাস্টারক্লাস এক ১৭৯ রানের ইনিংস খেলেন। শুরুর বিপর্যয় কাটিয়ে উঠতে দলকে দুটি ঐতিহাসিক জুটি উপহার দেন তিনি।
মারো জানসেনকে সঙ্গে নিয়ে দারুণ এক কাউন্টার-অ্যাটাক শুরু করেন বাভুমা। সপ্তম উইকেটে করেন ১৩২ রানের জুটি। জানসেন ৮৫ রানের দারুণ এক ইনিংস খেলেন। এরপর সাইমন হারমারকে নিয়ে গড়েন দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে অষ্টম উইকেটে ১৮৩ রানের রেকর্ড জুটি। ৮২ রান করে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটির দেখা পান হারমার। টেস্ট ইনিংসে দলীয় ৬ উইকেট পতনের পর দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দুটি শতক জুটির এটিই প্রথম ঘটনা।
অস্ট্রেলিয়ার বোলারদের জন্য দিনটি ছিল চরম ক্লান্তিকর ও হতাশার। ইনজুরির কারণে জশ হ্যাজলউড মাত্র ৯ ওভার বোলিং করতে পেরেছেন। ফলে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ডের ওপর কাজের চাপ অতিরিক্ত বেড়ে যায়।
অজিদের হয়ে স্কট বোল্যান্ড ৮১ রানে ৫ উইকেট শিকার করেন এবং স্টার্ক পান ৩ উইকেট। তবে প্যাট কামিন্স তার টেস্ট ক্যারিয়ারের অন্যতম খরুচে এবং উইকেটশূন্য একটি দিন পার করেছেন।
দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণার পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম ওভারেই কাগিসো রাবাদার শিকার হয়ে মাত্র ৪ বল খেলে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন নিক ম্যাডিসন। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৩ রান।
ম্যাচে আর মাত্র দুই দিন বাকি থাকলেও বর্তমান পরিস্থিতি অনুযায়ী অস্ট্রেলিয়ার জয়ের পথ প্রায় বন্ধ বললেই চলে। দক্ষিণ আফ্রিকা এখন ম্যাচ জিতে সিরিজে সমতা আনার পথে একধাপ এগিয়ে রয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪২৫/৯ (ডি.) (বাভুমা ১৭৯, জানসেন ৮৫, হারমার ৮২; বোল্যান্ড ৫/৮১ ও স্টার্ক ৩/৮৯)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩/১, ৪ ওভার
(বোল্যান্ড ২*, হেড ১*; রাবাদা ১/০)।
*তৃতীয় দিন শেষে
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

