চট্টগ্রাম মহানগরীর টাইগারপাস এলাকা থেকে দু’যুবককে একটি বিদেশি পিস্তল ও দু’গুলিসহ গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা-পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার গ্রেফতার করা হলেও পুলিশ বিষয়টি জানায় বুধবার।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কোতোয়ালী থানার নিউ মার্কেট মোড়ে দায়িত্ব পালন করছিলেন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মনিরুল আলম খোরশেদ। এ সময় তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, টাইগারপাস পুলিশ বক্সের সামনে সড়কে দু’যুবক অবৈধ অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে এসআই খোরশেদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে পৌঁছালে পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করেন। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক যুবকরা হলেন আক্তার হোসেন সাকিব (১৯) ও শাহরিয়ার হোসাইন সাইফ (২২)। সাকিবের বাড়ি নোয়াখালীর সেনবাগে হলেও বর্তমানে তিনি চট্টগ্রামের খুলশী এলাকার ভিশন ওয়ান ভবনে বসবাস করছেন। অপর যুবক সাইফের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।
তাদের কাছ থেকে একটি পুরোনো বিদেশি পিস্তল ও দু’গুলি উদ্ধার করা হয়েছে। এঘটনায় এসআই মনিরুল বাদী হয়ে কোতোয়ালী থানায় অস্ত্র আইনে মামলা করেন।
চট্টগ্রাম পুলিশের এডিসি (দক্ষিণ) আলমগীর হোসেন আমার দেশকে জানান, আটক দু’যুবকের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত চলছে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

