চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইডি)। এ সময় এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে ১ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৪৯টি সোনার চুড়ি জব্দ করা হয়। জব্দ করা সোনার শুল্ক-করসহ আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।
রোববার (২৫ অক্টোবর) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ অভিযান চালানো হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা। সকাল ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান মো. শরিফ নামের এক যাত্রী। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তিনি কোনো সোনা থাকার ঘোষণা দেননি।
এ সময় কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সোনা বহনের বিষয়টি অস্বীকার করেন। তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অন্যান্য সংস্থার উপস্থিতিতে কাস্টমস হলরুমে তার সঙ্গে থাকা হ্যান্ডব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগ খুলতেই ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৪৯টি সোনার চুড়ি পাওয়া যায়।
এ ঘটনায় কাস্টমস আইনে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


