সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি সহোদর ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজনের (২১) লাশ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের কামারহাট মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন সম্পন্ন হয়।
নিহত সজীব ও সুজন চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। দুই ভাইয়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষবারের মতো তাদের একনজর দেখতে সোমবার রাতে গ্রামের বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন এলাকার মানুষ।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মাম এলাকায় খেজুরের ব্যবসা করতেন বড় ভাই ফয়েজ আহমেদ সজীব। চলতি বছরের শুরুতে ব্যবসার কাজে সহযোগিতা করার জন্য ছোট ভাই ফরহাদ হোসেন সুজনকেও সৌদি আরবে নিয়ে যান তিনি।
গত ১৫ জুলাই দিবাগত রাতে খেজুর বোঝাই একটি পিকআপ নিয়ে বাগান থেকে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক-লরির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার রাতে তাদের লাশ দেশে পাঠানো হয় এবং গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
মঙ্গলবার সকালে কামারহাট মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, আত্মীয়-স্বজন ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুই ভাইকে দাফন করা হয়। জানাজার সময় স্বজনদের আহাজারি ও এলাকাবাসীর শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ।
এদিকে নিহত সজীবের স্ত্রী ও দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। পরিবারের প্রধান উপার্জনক্ষম দুই সদস্যকে একসঙ্গে হারিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

