জাতীয় রাজনীতিতে দলগুলোর মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাষ্ট্রের স্বার্থ, জাতীয় নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব ও বৈদেশিক নীতির (ফরেন পলিসি) প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
সোমবার সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, আমরা জাতীয় রাজনীতি ভিন্ন ভিন্নভাবে করব, যার যার অবস্থান থেকে করব। কিন্তু রাষ্ট্রের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে এবং আমাদের ফরেন পলিসির ক্ষেত্রে আমরা সবাই এক জায়গায় আছি। আমরা রাজনীতিতে বাহাস করব, জয়-পরাজয় মেনে নেব—এটাই হলো আমার নেতা তারেক রহমানের রাজনীতি।
কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক কর্মসূচি এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ জেলার সার্বিক বিষয় নিয়ে এই সভার আয়োজন করা হয়।
হুইপ নিজান তার বক্তব্যে আরও বলেন, আমরা কুমিল্লার সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করব। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করেছি এবং এ ক্ষেত্রে প্রশাসনের পূর্ণ সহায়তা চেয়েছি। পাশাপাশি কুমিল্লার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ‘কুমিল্লা বিভাগ’ বাস্তবায়ন নিয়েও আমরা সমন্বিতভাবে কাজ করছি।
কৃষি উপকরণের সরবরাহ ও সুশাসন প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের সার পাওয়া নিশ্চিত করতে আমরা কাজ করব। সার নিয়ে যেন কোনো ধরনের দুর্নীতি না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের সাথে যৌথ সমন্বয়ের কথা জানান এবং বিদ্যুতের সমসাময়িক সমস্যা একদিনে সমাধান সম্ভব না হলেও তা দ্রুত নিরসনে কাজ চলছে বলে আশ্বস্ত করেন।
কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন।
এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা পরিষদ প্রশাসক হাজী মোস্তাক মিয়াসহ জেলার ১৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

