২৭ হাজার ৩০০ টন ডিজেল বহনকারী ‘এমটি ইউয়ান জিং হে’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জাহাজটিকে বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো হয়। জাহাজটি সিঙ্গাপুর থেকে এসেছে ।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানিয়েছে, জাহাজটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর চট্টগ্রাম বন্দরে আগত ডিজেলবাহী নবম জাহাজ। এতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় রয়েছে।
বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ ও পরিদর্শনের জন্য দুপুর ২টায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বন্দরে উপস্থিত হন।এদিকে একই সময়ে বন্দরের বহির্নোঙরে এলপিজি ও এলএনজি বহনকারী আরও দুটি বড় জাহাজ অবস্থান করছে, যা দেশের জ্বালানি সরবরাহব্যবস্থাকে আরও সহজ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বিপিসি সূত্রে আরও জানা গেছে, ইরান-ইসরাইল যুক্তরাষ্ট্রের য়ুদ্ধের অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি না রাখতে পাইপলাইনে থাকা মজুতের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ জোরদার করা হয়েছে।
গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজ ভিড়ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ঝুঁকি তৈরি হলেও সরকার বিকল্প উৎস থেকে আমদানি বাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে বলে বিপিসি জানায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

