কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসীম উদ্দিন আক্ষেপ করে বলেছেন, “আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের কারণে গত ১৭ বছর আমি বাড়িতে ঘুমাতে পারিনি। মাথার নিচে ইট দিয়ে বহু রাত কাটিয়েছি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আন্দোলন করতে গিয়ে পুলিশের তাড়া খেয়ে খালে-বিলে পড়েছি। অথচ এখন দেখছি পাঁচ আগস্টের পর নতুন নতুন নেতার সৃষ্টি হয়েছে ।
গত ১২ আগস্ট মঙ্গলবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাজী জসীম উদ্দিন বলেন, “বিএনপিতে প্রতিযোগিতা থাকলেও প্রতিহিংসা নেই। গত ৩০ বছর ধরে আমি কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের নেতা-কর্মীদের পাশে ছিলাম। বিশেষ করে গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম, নেতা-কর্মীদের কারাবন্দি অবস্থায় দেখাশোনা এবং মামলার খরচ চালিয়েছি। তখন কাউকে পাশে পাইনি।”
তিনি আরও বলেন, “নির্বাচন ঘনিয়ে আসায় এখন অনেক নেতাকে এলাকায় আসা-যাওয়া করতে দেখা যাচ্ছে, অতিথি পাখির আগমন ঘটছে। প্রশ্ন হলো, গত ১৭ বছর তারা কোথায় ছিলেন?”
তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঐক্যের ওপর জোর দিয়েছেন। বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার তৃণমূলের নেতা-কর্মীরা তাঁর নির্দেশে ঐক্যবদ্ধ। শত শত মামলা ও অত্যাচার-নির্যাতন সহ্য করেও এখানকার কর্মীরা দল পরিবর্তন করেননি। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি গভীর আস্থা ও বিশ্বাস রেখে তারা বিএনপি করছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার জামাল হোসেন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, বুড়িচং উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী কবির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বাবুল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, নাসের মুন্সী সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

