কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও লোকাল জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। নিহত ও আহত সবাই জিটু গাড়ির যাত্রী।
বৃহস্পতিবার সকালে মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারিয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে মো. রফিক (২৯), চকরিয়ার খুটাখালী ইউনিয়নের শিয়ালকাটা এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭) ও ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে জিয়াবুল হক (২৫)।
আহতদের মধ্যে আছেন ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আব্দুস সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো. সরোয়ার (১৯), একই এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকার বদরুদ্দোজার ছেলে দেলোয়ার হোসেন (৩৫) ও টেকনাফের কেরুনতলী এলাকার রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)।
চকরিয়ার মালুমঘাট হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মো. সামছুজ্জামান জানান, কক্সবাজার অভিমুখী লাল-সবুজ পরিবহন সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি লোকাল জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিটু গাড়িটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং এতে থাকা নয়জন যাত্রী গুরুতর আহত হন।
তিনি বলেন, দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে ফাঁড়ির পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতাল ও পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এসআই সামছুজ্জামানের মতে, আহতদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিন মালুমঘাট খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে মারা যান। অপর তিনজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও জিটু গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মুখোমুখি সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

