সৌদি আরবে কারখানার মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে কারখানার মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু
ফাইল ছবি

সৌদি আরবে খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত মো. নাদিম হোসেন (২৭) কুমিল্লার বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় প্রায় ১০ মাস আগে সৌদি আরবে যান নাদিম। সেখানে আল-কাসিমের বুকারিয়া এলাকার একটি খেজুর প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত ছিলেন। ঘটনার সময় খেজুর প্রক্রিয়াজাতকরণ মেশিন পরিষ্কার করার জন্য নাদিম মেশিনের ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে থাকা সহকর্মীরা অসাবধানতাবশত মেশিন চালু করলে তিনি ভেতরে কাটা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে সৌদি পুলিশ। এ ঘটনায় কারখানার তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহতের বাবা সামাদ মিয়া অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমার সন্দেহ। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই। পাশাপাশি দ্রুত আমার ছেলের লাশ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারের সহযোগিতা কামনা করছি।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের লাশ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনার সুযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন