বিএনপির র‌্যালিতে প্রতিপক্ষের হামলায় ১০ নেতাকর্মী আহত

বিএনপির র‌্যালিতে প্রতিপক্ষের হামলায় ১০ নেতাকর্মী আহত

ফেনীর দাগনভূঞায় প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালিতে প্রতিপক্ষের হামলায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া বাজারে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীরা জানায়, সংঘাত এড়াতে ২ সেপ্টেম্বর জেলা বিএনপির পক্ষ থেকে দাগনভূঞা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি স্থগিত করা হয়। তবুও পরদিন উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেনের অনুসারীরা বিভিন্ন ইউনিয়নে পৃথকভাবে বিজয় র‌্যালির আয়োজন করে।

এরমধ্যে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের গজারিয়ায় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ভূঁঞা হুদনের নেতৃত্বে র‌্যালিপ্রস্তুতিকালে মোটরসাইকেলের বহর নিয়ে এসে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষরা

হামলা করে।

এসময় যুবদল নেতা নুর উদ্দিন ডালিম, দেলোয়ার হোসেন,ছাত্রদল কর্মী জিল্লুর রহমান রিহাব,আশিকুর রহমান সাব্বির, শুভ, মানিক, রানা, শাওনসহ অন্তত ১০ জন আহত হন।

তাদের মধ্যে মাথায় বেশি আঘাত পাওয়া দেলোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বাকিরা স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা নেয়।

আহত জিল্লুর রহমান রিহাব অভিযোগ করে বলেন, ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে ইউনিয়ন যুবদল কর্মী তোফায়েলসহ বহিরাগতরা মোটরসাইকেলের বহর নিয়ে এসে তাদের উপর এ হামলা করে।হামলায় কিশোর গ্যাং ও নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যরাও জড়িত বলে দাবি করেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে জানতে ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিকের মুঠোফোনে বার বার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিএনপির কমিটিকে কেন্দ্র করে দাগনভূঞায় দীর্ঘদিন ধরে কিছু নেতাকর্মী বিশৃঙ্খলা করছে। বিভিন্ন সময়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের মতো ঘটনাও ঘটেছে।

এবার সংঘাত ও সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করা হয়।

এরইমধ্যে বিষয়গুলো বিএনপির কেন্দ্রীয় পরিষদে জানানো হয়েছে। এতদিন ধরে সংগঠন নিয়ে যারা বাড়াবাড়ি করেছে তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।

দাগনভূঞা থানা ওসি ওয়াহিদ পারভেজ জানান, বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন