কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মিন্টু বাহিনীর প্রধান মিন্টুকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৫টি দেশীয় লম্বা বন্দুক ও ৯টি দেশীয় পিস্তল রয়েছে।
আটক ইমাম হোসেন মিন্টু (৩৮) মহেশখালী উপজেলার হোয়ানকের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কুখ্যাত ও দুর্ধর্ষ সন্ত্রাসী 'মিন্টু বাহিনী'র প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।
শুক্রবার (১৭ জুলাই) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র গোপনে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। চক্রটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থেকে স্থানীয় জনগণকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
ওই তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ডের শাহপরী, টেকনাফ, বাহারছড়া, ইনানী, কক্সবাজার ও মহেশখালী স্টেশনের সমন্বয়ে ওই এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর আস্তানায় বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে ৫টি দেশীয় একনলা বন্দুক, ৯টি দেশীয় পিস্তল, ১টি বিদেশী পিস্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড তাজা গোলা, ১২ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি দেশীয় অস্ত্র, ৩ লিটার দেশীয় মদ এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। ওই সময় কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টুকেও আটক করা হয়।
উল্লেখ্য, ইমাম হোসেন মিন্টুর বিরুদ্ধে ১৫টি ফৌজদারি মামলা রয়েছে। তাকে আটকের মাধ্যমে অবৈধ অস্ত্রের একজন অন্যতম ব্যবসায়ীকে আটক করা সম্ভব হলো, যেসব অস্ত্র মহেশখালীসহ দেশের পূর্ব উপকূলীয় এলাকার সাধারণ জেলে ও লবণ চাষিদের জীবন অতিষ্ঠ করে আসছে।
কোস্ট গার্ড দাবি করছে, সন্ত্রাসী মিন্টু আটকের ফলে সাধারণ জেলের জন্য নিরাপদ সমুদ্র নিশ্চিত করার একটা প্রচেষ্টা সফল হলো।
এই বাহিনীর অন্য সদস্যদের আটকে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও দাবি করছে বাহিনীটি।
এদিকে জব্দ করা আলামত ও আটক সন্ত্রাসীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

