চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় জাটকা ও মা ইলিশ নিধন বন্ধে কোনো আপস করা হবে না। সরকার জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তাই আইন অমান্য করে নিষিদ্ধ জাল ব্যবহার থেকে সবাইকে বিরত থাকতে হবে।’
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর চরাঞ্চলের জেলেদের নিয়ে ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৬’ উপলক্ষে একটি জনসচেতনতা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ২১ বীর-এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ কামরুল হাসান (পিএসসি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের এবং হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা নিষিদ্ধ কারেন্ট জাল, বেহুন্দি জালসহ ক্ষতিকর সরঞ্জামাদি ব্যবহার না করার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান। এ সময় বিশেষ কম্বিং অপারেশন চলাকালীন নৌ-পুলিশ, কোস্টগার্ড ও জেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়।
নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে স্থানীয় জেলেরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং জাটকা সংরক্ষণে প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করেন। সভা শেষে নদী এলাকার জেলেদের মাঝে বিশেষ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

