কুমিল্লায় ধর্মসাগর পাড়ে বেড়াতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন এক পুলিশ কনস্টেবল। স্ত্রীর সামনে প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে ১২ ঘণ্টার মধ্যে মূল হামলাকারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় কর্মরত নারী কনস্টেবল জাকিয়া সুলতানা ও তার স্বামী কনস্টেবল কাজী আব্দুল্লাহ মো. জোবায়ের গত ২ এপ্রিল বিকেলে ধর্মসাগর পাড়ে বেড়াতে যান। এ সময় সেখানে অবস্থানরত তিন যুবক নারী কনস্টেবল জাকিয়া সুলতানাকে লক্ষ্য করে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বিষয়টির প্রতিবাদ করলে কনস্টেবল জোবায়েরের ওপর চড়াও হয় তারা। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে গুরুতর জখম করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে যৌথ অভিযানে নগরীর মুন্সেফ কোয়ার্টার এলাকার বাসিন্দা মো. রিফাত (১৯) এবং সদর উপজেলার ভুবনঘর গ্রামের সিয়াম (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কুমিল্লার কোথাও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা মেনে নেওয়া হবে না। জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে অপরাধী যে-ই হোক, তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

