চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সঙ্গে সাধারণ ছাত্রছাত্রীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে একাডেমিক কাউন্সিল কক্ষে সভায় চুয়েটের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
এ সময় ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, ‘প্রচলিত কোনো আশ্বাস নয়, আমি ব্যক্তিগতভাবে কাজে বিশ্বাসী। আমি যোগদানের পর কয়েকটি কার্যদিবস পার করেছি মাত্র। এই সীমিত সময়ের মধ্যে চেষ্টা করেছি সমস্যা, সম্ভাবনা ও করণীয়গুলো নির্ধারণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে। আমরা পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।'
ভিসি আরও বলেন, 'আমি চুয়েট-এর বিভিন্ন রিসোর্স, অফিস, শাখাগুলোকে অধিকতর ফাংশনাল করতে চাই। যে যার অবস্থান থেকে সর্বোচ্চ দেবে- এই প্রত্যাশা করি। আমার প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টার্যাকশন, শেয়ারিং অব্যাহত রাখতে চাই। উভয় দিক থেকে শেয়ারিং থাকলে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করা যায়। আশা করি, সকলে মিলে কাজ করলে ভবিষ্যতে অনেক বড় সাফল্য আসবে।'
অনুষ্ঠানের শুরুতে গতকাল পুকুরে ডুবে অকাল মৃত্যুবরণকারী চুয়েটের ২০২৪ ব্যাচের অর্ণব দত্ত এবং শান্ত দেবের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মতবিনিময় সভায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, ছাত্রছাত্রীদের সুরক্ষা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, ভবিষ্যতের করণীয়, রোডম্যাপ তৈরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, উপপরিচালক অধ্যাপক ড. আবু মো. মোয়াজ্জেম হোসাইন, সহকারী পরিচালক মো. মাসুম রানা প্রামাণিক প্রমুখ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

