মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শাহরাস্তি মডেল থানার ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ সংক্রান্ত অফিস আদেশ প্রদান করেন। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, উপপরিদর্শক আরিফ হোসাইন, সহকারী উপপরিদর্শক শহীদ উল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন, গাড়িচালক নজরুল ইসলাম, ও কনস্টেবল ইসতিয়াক ।
গত ২৮ জুলাই উপজেলার আয়নাতলী বাজারে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে জনগণ আটক করে। এ সময় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের কথপোকথন ও অর্থ লেনদেনসহ বিভিন্ন তথ্য তার মোবাইল ফোনে পাওয়া যায়।
এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। পুলিশের পক্ষ থেকে তৎক্ষণাৎ তদন্ত করা হলে প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রমাণ পাওয়া গেলে চাঁদপুর পুলিশ সুপার তাদের সাময়িক বরখাস্ত করেন।
এদিকে মাদকের সঙ্গে পুলিশের যোগসাজশের বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে ৩ আগস্ট এএসআই শহিদুল্লাহ ও ৫ আগস্ট শরিফ উদ্দিন কুমিল্লায় তড়িঘড়ি বদলি হয়ে যান। সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তাই ৫ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা চুড়ান্তভাবে অভিযুক্ত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

