বাঁশখালীতে বন্যার পানি নামার পর সাপের আতঙ্ক, ৩৫ জনকে দংশন

বাঁশখালীতে বন্যার পানি নামার পর সাপের আতঙ্ক, ৩৫ জনকে দংশন
বন্যার পর বসতবাড়ির আশপাশে সাপের উপদ্রব বেড়েছে।

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার পানি নেমে গেলেও বিভিন্ন প্রজাতির সাপ বসতঘর, উঠান, রান্নাঘর, গোয়ালঘর ও স্যাঁতসেঁতে স্থানে আশ্রয় নিয়েছে। স্থানীয়দের দাবি, শনিবার পর্যন্ত অন্তত ৩৫ জনকে দংশন করেছে সাপ। তবে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টা পর্যন্ত সাপের কামড়ে ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। চিকিৎসা শেষে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় উপজেলার প্রায় ৪০ হাজার বসতঘরে পানি ঢোকে। এতে ১৩ হাজারের বেশি মাটির ঘর ধসে পড়ে এবং কয়েক হাজার টিন ও ছনের তৈরি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এসব স্থানে ঘরবাড়ি পরিষ্কার করতে গিয়ে অনেকেই বিষধর ও নির্বিষ বিভিন্ন প্রজাতির সাপের দংশনের শিকার হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার বলেন, সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। এখন পর্যন্ত যেসব রোগী হাসপাতালে এসেছে, তাদের কারও অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয়নি। তবে কেউ সাপের দংশনে আক্রান্ত হলে ঝাড়ফুঁক বা কুসংস্কারের আশ্রয় না নিয়ে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে। দ্রুত চিকিৎসা নিলে অধিকাংশ ক্ষেত্রেই রোগী সুস্থ হয়ে ওঠে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন