লক্ষ্মীপুরের রায়পুরে এক গর্ভবতী নারীকে মারধরের ঘটনায় যমজ নবজাতকের মৃত্যুর অভিযোগে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বুধবার সকালে রায়পুর থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী সাবিকুন নাহার উপজেলার সোনাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়াহীদুজ্জামান রাজনের স্ত্রী।
মানববন্ধনে বক্তারা বলেন , গত ১৬ মার্চ তাদের বাড়িতে লুটপাটের ঘটনা মোবাইল ফোনে ভিডিও করতে গেলে গর্ভবতী সাবিকুন নাহারের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা গর্ভের সন্তানদের ঝুঁকির বিষয়টি জানান।
পরিবারের দাবি, ঘটনার পর থেকেই সাবিকুন নাহারের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে ২২ মে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় মাসের গর্ভাবস্থায় জরুরি ভিত্তিতে সন্তান প্রসব করাতে হয়। জন্মের পর যমজ দুই নবজাতকের একজন মারা যায় এবং অপরজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় সাবিকুন নাহার বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের মতামত জানতে চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

