প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

কক্সবাজারের রামু উপজেলার চাইল্যাতলী এলাকায় সৌদি প্রবাসী ব্যবসায়ী ও রামু উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদুল আলমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার রাত আনুমানিক দুইটার দিকে মাইক্রোবাসযোগে আসা প্রায় ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান।

ফরিদুল আলমের অভিযোগ, ডাকাতদের হাতে বন্দুক, পিস্তল, ছুরি ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। বাড়িতে প্রবেশের পর তারা পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় ডাকাতরা প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকা এবং ৭ হাজার সৌদি রিয়াল লুট করে নিয়ে যায় ।

ডাকাতির সময় বাড়িতে থাকা গৃহবধূসহ কয়েকজনকে মারধর করে আহত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। পরে ডাকাতদের উপস্থিতির খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে এলে তারা দ্রুত মাইক্রোবাসযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে রামু থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে ডাকাতদের শনাক্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রামু থানার ওসি ফজলুল হক।

এ ঘটনার পর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সৌদি প্রবাসী ব্যবসায়ী ফরিদুল আলম।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে একটি বাড়িতে সংঘবদ্ধভাবে সশস্ত্র ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার, লুট হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধারের পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন