সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার কেটে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

চট্টগ্রাম ব্যুরো

সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার কেটে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ
ছবি: আমার দেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদক পাচারকারীদের অভিনব কৌশল ভণ্ডুল করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। সাধারণ গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে লুকিয়ে রাখা হয়েছিল ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক দাম সাড়ে ৩ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাতে সীতাকুণ্ড মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মুহাম্মদ রাসেল সাংবাদিকদের এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল সীতাকুণ্ড মডেল থানার পুলিশের একটি দল। এ সময় চেকপোস্টে একটি সন্দেহজনক প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হলে চালক পুলিশের নির্দেশ উপেক্ষা করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ সদস্যরা গাড়িটিকে ধাওয়া করলে একপর্যায়ে চালক মহাসড়কের পাশে গাড়িটি ফেলে পালিয়ে যান।

পরে পরিত্যক্ত গাড়িটি জব্দ করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় গাড়ির ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার কর্মকর্তাদের সন্দেহের উদ্রেক করে। বাইরে থেকে সাধারণ সিলিন্ডার মনে হলেও সেটির ওজন ছিল অস্বাভাবিকভাবে হালকা। বিষয়টি খতিয়ে দেখতে সিলিন্ডারটি বিশেষ কৌশলে কেটে পরীক্ষা করা হলে ভেতরে তৈরি করা গোপন চেম্বার থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণ ইয়াবা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ১ লাখ ২৪ হাজার পিস, যা সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ডে উদ্ধার হওয়া অন্যতম বড় মাদকের চালান। মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গ্যাস সিলিন্ডারের ভেতরে এমন গোপন কক্ষ তৈরি করে ইয়াবা পরিবহনের পরিকল্পনা করেছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। জব্দকৃত ইয়াবা ও গাড়ি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন