কুমিল্লার দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দৈনিক যুগান্তরের নারী সাংবাদিক আঁখিনুর আক্তারের ওপর হামলার ঘটনায় এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
গতকাল রাতে অভিযান চালিয়ে হামলাকারী মাদক কারবারি সুমন চন্দ্র দাসকে গ্রেপ্তারের বিষয়টি সোমবার নিশ্চিত করেছে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা।
মামলা সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে আঁখিনুর আক্তার। তিনি দৈনিক যুগান্তরে ঢাকা সিটি প্রতিনিধি হিসেবে কাজ করার সুবাদে ঢাকায় থাকেন। একমাত্র বড় বোন লাকি আক্তার থাকেন শ্বশুর বাড়িতে। তাদের মা রফেজা বেগম গ্রামের বাড়িতে থাকেন। পার্শ্ববর্তী বাড়ির সন্তোষ চন্দ্র দাসের ছোট ছেলে সুমন চন্দ্র দাস ও তার স্ত্রী ভাগ্য রানী দাস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
সাংবাদিকের মা একা বাড়িতে থাকার সুযোগে তাদের বসতঘরে মাদক রেখে ব্যবসা চালিয়ে যেতে চায় মাদক ব্যবসায়ী সুমন। এ কারণে সুমন ওই নারী সাংবাদিকের মাকে চাপ প্রয়োগ করে তাদের ঘরে মাদক রাখতে। সাংবাদিক আঁখিনুর আক্তারের মা রফেজা বেগম এতে রাজি না হওয়ায় তাকে গালমন্দ করে। একপর্যায়ে মারধর করতে আসে মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র দাস। বিষয়টি জানতে পেয়ে সাংবাদিক আঁখিনুর আক্তার মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে সুমন আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। গত শনিবার বিকালে সাংবাদিক আঁখিনুর আক্তার ও তার বড় বোন বাড়িতে এলে সুমন দলবল নিয়ে তাদের ওপর হামলা চালায়।
ওই ঘটনায় রোববার বিকালে সাংবাদিক আঁখিনুর আক্তার বাদী হয়ে মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র দাস, তার স্ত্রী ভাগ্য রানী দাস, বড় ভাই উত্তম চন্দ্র দাস ও বড় ভাইয়ের স্ত্রী রিতা রানী দাসকে আসামি করে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। মামলা নাম্বার ২৫। মামলার পরপর রাতেই অভিযান চালিয়ে হামলাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব- ১১, সিপিসি-২, কুমিল্লা।
এ ব্যাপারে র্যাব- ১১ সিপিসি- ২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নারী সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গতকাল রোববার রাতেই দেবিদ্বার উপজেলার রাজামেহার থেকে গ্রেপ্তার করা হয় সুমন চন্দ্র দাসকে। আসামি জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাকে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

