অবৈধ বালু ও মাটি খেকোদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় চট্টগ্রামের লোহাগাড়ায় আমার দেশ-এর সাংবাদিক সেলিম উদ্দিনের ওপর হামলা করেছে দূর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের একটি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
সেলিম উদ্দিন আমার দেশ-এর লোহাগাড়া উপজেলা প্রতিনিধি। এ ঘটনায় লোহাগাড়া থানায় চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১০ জনকে আসামি করা হয়।
অভিযুক্তরা হলেন উপজেলার চুনতি ডেপুটিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের আমিন আহমদের ছেলে মো. আসিফ (৩৭), আধুনগর ইউনিয়নের হানিফার পাড়া ৬ নম্বর ওয়ার্ডের ইলিয়াছের ছেলে জুনাঈদ (৩৮), শেখ আহমদের ছেলে হোসাইন, কাশেম মিকারের ছেলে মো. তৈয়ব (৪০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ আমার দেশ পত্রিকার চুনতি মাটি খেকোর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে সেলিম উদ্দিন। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা গত শনিবার তাকে উপজেলার চুনতি ইউনিয়নের একটি রেস্টুরেন্টের সামনে একা পেয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন সেলিম উদ্দিন। এ সময় তার সঙ্গে থাকা প্রায় ৪০ হাজার টাকা ও একটি ক্যামেরা নিয়ে চলে যায় অভিযুক্তরা।
সেলিম উদ্দিন বলেন, হামলার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমি এ হামলার দৃষ্টান্তমূলক বিচার চাই।
লোহাগাড়া থানার ওসি প্রশান্ত কুমার ভৌমিক বলেন, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

