বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সামাজিক সংগঠন দ্য ইয়ুথ রেজোন্যান্স। গত ১৯ থেকে ২১ জুলাই পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে ৬ শতাধিক অসহায় মানুষ সেবা গ্রহণ করেছেন।
বুধবার সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তিন দিনব্যাপী এই মানবিক কার্যক্রমের সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করেন দ্য ইয়ুথ রেজোন্যান্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী যায়িদ রুসাফি। সংগঠনের কেন্দ্রীয় সদস্য এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে সফলভাবে সম্পন্ন হয় পুরো মেডিকেল ক্যাম্প। এ সময় কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম ও কাজী মোহাম্মদ ইরফান বিভিন্ন পর্যায়ে উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এই মানবিক কার্যক্রমের আওতায় ১৯ জুলাই বাঁশখালীর কাহারঘোনা, ২০ জুলাই লোহাগাড়ার গরাঙ্গিয়া হাতিয়ারপুল বাজার এবং ২১ জুলাই লোহাগাড়ার পদুয়া এলাকায় দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করা হয়। তিন দিনের এই কার্যক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য-পরামর্শ প্রদান করা হয়েছে।
চিকিৎসা কার্যক্রমে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সমন্বয় ও সহযোগিতা ছিল। পাশাপাশি দ্য ইয়ুথ রেজোন্যান্সের স্বেচ্ছাসেবকেরা সার্বক্ষণিকভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এই উদ্যোগ বাস্তবায়নে সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা প্রদান করেছে। এছাড়া, প্রয়োজনীয় ওষুধ সরবরাহের মাধ্যমে বায়ো ফার্মা লিমিটেড এতে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে। আগামীতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


