ধর্ষণের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল শাবিপ্রবি, আগামীকাল বিক্ষোভ

ধর্ষণের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল শাবিপ্রবি, আগামীকাল বিক্ষোভ

সারা দেশে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। মাগুরায় ৮ বছরের শিশু আসিয়াসহ সারা দেশে অসংখ্য ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনার জেরে এ বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ধর্ষকদের ফাঁসি, তাদের সুষ্ঠু বিচারের দাবিতে শাহপরান হল থেকে স্লোগান দিয়ে মেয়েদের হলের দিকে যান শিক্ষার্থীরা। এরপর ছাত্রী হলের শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে বেরিয়ে আসেন।

এ সময় শিক্ষার্থীরা রশি লাগলে রশি নে ধর্ষকদের ফাঁসি দে, `উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, তোমার বোন আমার বোন, আসিয়া আসিয়া’, ‘ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও' স্লোগান দিতে থাকেন।

মিছিলটি নিয়ে মেয়েদের আবাসিক হল থেকে গোলচত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এসে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। এমনকি ধর্ষকদের শাস্তিও তিনি কার্যকর করতে পারেননি।

তারা বলেন, আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগেও মেয়েদের দোষ দিয়ে বক্তব্য দিয়েছেন। এই অন্তর্বর্তী সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আমরা মেয়ে নয়, মানুষ হয়ে বাঁচতে চাই। আমরাও এ দেশের নাগরিক, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এসবের সুষ্ঠু জবাব চাই। তা না হলে তাকে পদত্যাগ করতে হবে।

আগামীকাল দুপুর ২টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়ে রাতের কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন