অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে সন্দেহ জেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, শেখ হাসিনা পালানোর পর সবার সমর্থনে এই সরকার গঠন হয়েছে। আমরা এখনও আপনাদের সমর্থন দিয়ে যাচ্ছি। তবে আপনাদের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হচ্ছে। এই সন্দেহ যদি সত্যি হয়, তাহলে আপনাদের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না।
বুধবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শহর মাইজদীতে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়নসহ বিভিন্ন দাবিতে এর আয়োজন করা হয়।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আমীর খসরু বলেন, সংস্কারের গল্প বলে নির্বাচন নিয়ে কালক্ষেপণের সুযোগ নেই। আপনাদের দায়িত্ব হলো অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। জনগণের মেন্ডেট ছাড়া রাষ্ট্র পরিচালনা করার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য গত ১৬ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। জবাবদিহিতার পথ হলো জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠাবে। তাই দ্রুত নির্বাচনের ব্যবস্থা করলে সবার জন্যই ভালো হবে।
জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহাবুব উদ্দিন খোকন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

