রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার অন্যতম আসামি খাইরুল আমিন ওরফে বলি আমিনকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
গত শনিবার দিবাগত রাতে কক্সবাজার বিমান বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ডি/৪ ব্লকের বাসিন্দা এবং নূর হোসেনের ছেলে।
এসআরবি জানায়, বলি আমিন রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, মানবপাচার ও পুলিশের ওপর হামলার ঘটনায় উখিয়া, টেকনাফ এবং নাইক্ষ্যংছড়ি থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে। এছাড়া মাদক ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে আদালতের তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এসআরবি আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বলি আমিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিকে উদ্ধার করা আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

