নির্বাচনে ২০ কোটি টাকা খরচ করেছেন, দরকার হলে কমিটির জন্য ১০ কোটি করবেন বলে মন্তব্য করেছেন চান্দিনা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম। কুমিল্লার চান্দিনায় সংসদ সদস্য আতিকুল আলম শাওনের সংবর্ধনায় দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্যের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
জানা যায়, গত শনিবার চান্দিনা পৌর অডিটোরিয়ামে উপজেলা যুবদলের আয়োজনে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে চান্দিনা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম বলেন, ‘আপনি গত জাতীয় সংসদ নির্বাচনে ২০ কোটি টাকা নষ্ট করেছেন। এবার চান্দিনা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের জন্য ১০ কোটি টাকা খরচ করে সকল অঙ্গ সংগঠনের কমিটি আপনার আন্ডারে নিয়ে আসুন।’
নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক এক নেতা বলেন, ‘কমিটি আনতে টাকা লেনদেনের বক্তব্য দিয়ে সে সংগঠনকে বিতর্কিত করেছে।’ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এই বিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ‘আমি সরাসরি এই কথা বলিনি। আমি বলেছি, যদি ২০ কোটি টাকা খরচ করে থাকেন, তাহলে কমিটি করার জন্য ১০ কোটি টাকা খরচ করে কমিটি আনবেন।’
এই বিষয়ে জানতে সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় এলডিপির সাবেক মহাসচিব রেদোয়ান আহমেদকে। দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র নির্বাচন করেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। ফলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু নির্বাচনে বিপুল ভোটে বিএনপির প্রার্থী রেদওয়ানকে পরাজিত করেন শাওন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

