কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পাদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় লেভেল ক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

বিজ্ঞাপন

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।

কুমিল্লা মেডিকেল কলেজের কর্তব্যরত ডাঃ অমিত ভৌমিকও ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

ট্রেনে থাকা কয়েকজন যাত্রী জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী বাস পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলগেট পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। এসময় রেলগেট নামানো ছিল না বলে জানায় তারা ।

স্থানীয় সূত্রে জানা যায়, পাদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় লেভেল ক্রসিং অতিক্রম করার সময় বাসটি ট্রেনের মুখে পড়ে। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে টেনে জাঙ্গালিয়া স্টেশন পর্যন্ত নিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন