চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ বেসরকারি হাসপাতালে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সিডিএ) ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তিনি বলেছেন, একই চিত্র অনেক বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। এর ফলে সড়কে যানবাহন পার্কিংয়ের কারণে দীর্ঘদিন ধরে যানজটের সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এক মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিডিএ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার তৃতীয় দফায় নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উচ্চক্ষমতাসম্পন্ন টিমের সঙ্গে সিডিএ চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। অভিযানে পার্কভিউ হাসপাতাল, ইবনে সিনা, ডেল্টা হাসপাতাল, ডক্টরস ল্যাব, চিটাগং গ্রামার স্কুল, চিটাগং আইডিয়াল স্কুলসহ কয়েকটি প্রতিষ্ঠানে ইমারত বিধিমালা ও অনুমোদনসংক্রান্ত বিভিন্ন অসংগতি পাওয়া গেছে বলে দাবি করেছে সিডিএ।
সংস্থাটির দাবি, কয়েকটি প্রতিষ্ঠান আবাসিক ভবনের অনুমোদন নিয়ে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছে। কোথাও পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে রোগী, স্বজন ও শিক্ষার্থীদের অভিভাবকদের যানবাহন সড়কে রাখতে হচ্ছে, যা আশপাশের এলাকায় যানজট বাড়াচ্ছে। এছাড়া কিছু ভবনে জরুরি বহির্গমন পথ ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতিও নজরে এসেছে বলে জানিয়েছে সিডিএ।
সিডিএ চেয়ারম্যান বলেন, চিটাগং গ্রামার স্কুলের ভর্তির শর্তই হলো নিজস্ব গাড়ি থাকতে হবে। অথচ বিপুলসংখ্যক শিক্ষার্থীর গাড়ি রাখার কোনো জায়গা নেই। আইডিয়াল স্কুলসহ বেশিরভাগ বেসরকারি স্কুল ও হাসপাতালের একই হাল। কোথাও অনুমোদিত নকশা অনুসরণ করা হয়নি আবার কোথাও বিধিমালা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলেন, সড়কের ওপর অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এক মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্থায়ী ক্যাম্পাস ও অনুমোদিত ভবনে কার্যক্রম পরিচালনার পাশাপাশি পর্যাপ্ত পার্কিং নিশ্চিত করতে হবে। অন্যথায় আইনানুযায়ী সিলগালা বা অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নগরকে বাসযোগ্য করতে যানজটমুক্ত শহর উপহার দেওয়া আমাদের দায়িত্ব। নগরকে যানজটমুক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে নগরীর বেসরকারি মেট্রোপলিটন মেডিকেল সেন্টার, ন্যাশনাল হসপিটাল, ম্যাক্স হাসপাতালসহ একাধিক হাসপাতালে পার্কিং না থাকার প্রমাণ পায় সিডিএ। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোয়ও একই চিত্র পেয়েছে সংস্থাটি।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

